ঘামে রক্তে মিশে গেছে অভিযোজিত জীবন এক।
অগ্নিপিণ্ড তারপর, ক্রমশ শীতল
ভূত্বক অবধি।
প্রতি ধাপে ধাপে ,খাপ খেয়ে গেছি বেশ।
তাই আজ, অপ্রেমে নাস্তিতে,
এই বেশ ভালো আছি ,অনায়াস বলা।
কৃচ্ছতা সাধনে পাই ,কামধেনু এক,
বিগত শতকে।
দুঃখ জরা ব্যাধি ক্লেশে দিয়েছে ভরিয়ে
বিলুপ্তির ডামাডোলে ,বিজয়ের হাসি হেসে একা,
টিকেগেছি আমি, এক বৃদ্ধ আরশোলা।
তবু চোখ ভেজে দেখে, আষাঢ়ের মেঘ।
অভিযোজিত হয়নি যক্ষের হৃদয়।
মেঘদূতে এখনও পাঠাই ,অলকার বিলুপ্ত
নগরীর দ্বারে,
ঘাসে মেশা প্রেম আর প্রেমিকার কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন